দীর্ঘ ১০ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কারকাজ শুরু হলেও স্বস্তি ফিরছে না মানুষের মধ্যে। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কারকাজ চললেও শুরু থেকেই উঠেছে নানা অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ। কোথাও পুরোনো কার্পেটিং ব্যবহার করে তৈরি করা হচ্ছে সড়কের বেড। আবার কোথাও ঢালাইয়ের কাজে নিম্নমানের রড ও পাথর ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এমনকি রাতের আঁধারে ঢালাইয়ের কাজ করার অভিযোগও রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
জানা যায়, রায়পুর অংশের প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন রায়পুরসহ আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ চলাচল করেন। স্থানীয়দের হিসাবে, সড়কটির ওপর নির্ভরশীল পাঁচ লক্ষাধিক মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে তৈরি হয়েছিল অসংখ্য খানাখন্দ। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী, চালক ও পথচারীদের। দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় তিন মাস আগে সড়কটির সংস্কারকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান শহীদ ট্রেডার্স। বর্ডার বাজার এলাকা থেকে শুরু হওয়া এ কাজ ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হলেও নির্মাণের বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগ ওঠায় দেখা দিয়েছে হতাশা।
এদিকে নির্মাণকাজ চললেও সড়কে নিয়মিত পানি ছিটানো হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এতে ধুলাবালিতে একাকার হয়ে পড়ছে আশপাশের এলাকা। ভোগান্তিতে পড়ছেন পথচারী, যাত্রী ও ছোট যানবাহনের চালকরা। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। এর আগে গত বছর দুই দফায় সড়ক ও জনপথ বিভাগ সাময়িক সংস্কারকাজ করলেও তাতে স্থায়ী কোনো সমাধান আসেনি। ফলে দীর্ঘ ১০ বছরের দুর্ভোগের পর এবার প্রায় ১২ কোটি টাকার প্রকল্পের মাধ্যমে টেকসই সড়ক নির্মাণের প্রত্যাশা করছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রে পুরোনো কার্পেটিং পুরোপুরি অপসারণ না করেই তা ব্যবহার করে সড়কের বেড তৈরি করা হচ্ছে। ঢালাইয়ের কাজে ব্যবহৃত রড ও পাথরের গুণগত মান নিয়েও প্রশ্ন রয়েছে। পাশাপাশি রাতের আঁধারে ঢালাইয়ের কাজ করা হলেও অনেক সময় সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা যায় না। ফলে প্রকৌশলগত নকশা ও নির্ধারিত মান অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
তবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান শহীদ ট্রেডার্সের সাইট ইঞ্জিনিয়ার মিলন শেখ। তাঁর দাবি, নির্ধারিত মান বজায় রেখেই সংস্কারকাজ করা হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের রায়পুর-রামগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী মো. আরিফ মাহমুদ বলেন, নির্মাণকাজের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের তদারকির আছে। অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার সুযোগ নেই।
নিজস্ব প্রতিবেদক 

























