নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী জুম্মাপাড় এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় মোছা. রাফিয়া মনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া মনি দক্ষিণ বাহাগিলী হাজীপাড়া এলাকার রাজ্জাকুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় মো. মিনসানর ইসলাম (২৫) নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তারাগঞ্জ বেলতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তী সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।
ছয় বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে দক্ষিণ বাহাগিলী হাজীপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিশুটির মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ভ্যানচালককে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।
আল মিজান ইসলাম-নীলফামারী জেলা প্রতিনিধি 



















