পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ৭ নভেম্বর বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।
ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষার্থী মো. সোহেল রানা জনি ও মো. রাকিবুল ইসলাম বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, তোমরা খেলার আইনকানুন মেনে চলবে এবং মাঠের শৃঙ্খলা বজায় রাখবে। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। আজকের এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য শুধু মাঠের লড়াই নয়, বরং তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও একতা বজায় রাখা। আমি আশা করছি, তোমরা মাঠের ভেতরে ও বাইরে নিয়মশৃঙ্খলা ও স্পোর্টসম্যানশিপের সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করবে।
শ্রেণিকক্ষের পড়াশোনার ক্লান্তি দূর করে মনকে সতেজ রাখতে এবং মাদক ও সব ধরনের নেতিবাচক আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলার কোনো বিকল্প নেই। পবিপ্রবি প্রশাসন সব সময়ই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এমন সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়াচর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কৃষি অনুষদ ও আইন ও ভূমি প্রশাসন অনুষদের মধ্যে উদ্বোধনী খেলা শুরু হয়।
নিজস্ব প্রতিবেদক 

























