পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি দোতলা বাস। বাস দুটি বরিশাল রুটে চলাচল করবে।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নিজে গাড়ি চালিয়ে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন, বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দিন, পরিবহন কর্মকর্তা মো. আব্দুর রহিমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নতুন দুটি বাস যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট রয়েছে। দুটি দোতলা বাস যুক্ত হওয়ায় এ সংকট অনেকটাই কমবে বলে আশা করছেন তারা। এতে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। তারা প্রশাসনের এমন ইতিবাচক সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করা হচ্ছিল। তবে সরকারি প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে দুটি দোতলা বাসের অনুমোদন নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাদের দীর্ঘদিনের যাতায়াত সংকট দূর করতে আজ বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরে যুক্ত করতে পেরেছি দুটি অত্যাধুনিক ডাবল ডেকার বাস। এই বাস দুটি কেবল যাতায়াতের মাধ্যম নয়, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রার এক নতুন প্রতীক।’
উপাচার্য আরও বলেন, ‘আমরা পবিপ্রবিকে একটি আন্তর্জাতিক মানের আধুনিক স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে এবং শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে তাঁর প্রশাসন সব সময় পাশে থাকবে। বাস দুটি যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তাবিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার জন্যও তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 
























