বিশ্বজুড়ে উদযাপিত হলো হ্যালোইন উৎসব। এতে মেতে উঠেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা; যার ছোঁয়া লেগেছে ঢালিউডেও। এবার ছেলেকে সঙ্গে নিয়ে এই উৎসবে মেতে উঠতে দেখা গেল চিত্রনায়িকা শাবনূরকে।
একমাত্র ছেলে আইজানকে নিয়ে প্রায়ই বেড়াতে যান শাবনূর। এর আগে ছেলেকে আনন্দ দিতে যুক্তরাষ্ট্রে ঘুরতে নিয়ে গিয়েছিলেন এই চিত্রনায়িকা। সন্তানকে নিয়ে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন তিনি।
বিভিন্ন উৎসবেও ছেলেকে সঙ্গে নিয়ে অংশ নেন শাবনূর। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করা এই অভিনেত্রী সেখানকার হ্যালোইন আয়োজনের একটি মুহূর্ত নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন।
রোববার (১ নভেম্বর) প্রকাশ করা ছবিতে দেখা যায়, ছেলের সঙ্গে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন শাবনূর। মা-ছেলে দুজনের পরনেই একই ধরনের পোশাক, যাতে রয়েছে কমলা রঙের কুমড়ার নকশা। পেছনে সাজানো হয়েছে কৃত্রিম কঙ্কাল, কুমড়ার লণ্ঠন, রঙিন বাতি এবং ‘হ্যাপি হ্যালোইন’ লেখা বিভিন্ন সাজসজ্জা।
ছবিগুলোর সঙ্গে শাবনূর লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন’।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা।
গত বছরের হ্যালোইন উৎসবও ছেলেকে সঙ্গে নিয়ে উদযাপন করেছিলেন শাবনূর। সে সময় প্রকাশিত ছবিতে তাঁকে ভূতের সাজে উৎসবে অংশ নিতে দেখা গিয়েছিল।
বিনোদন ডেস্ক 
























