২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছেলে এবং ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে। প্রকাশিত ফলাফলে মোট ৪৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেয়ে ২৮ হাজার ৪১৫ জন এবং ছেলে ১৫ হাজার ৮৫৭ জন। জিপিএ-৫ অর্জনকারী ১ হাজার ৩১৩ জনের মধ্যে ৮২১ জন মেয়ে এবং ৪৮২ জন ছেলে।
মেয়েদের ধারাবাহিক সাফল্যের বিষয়ে শিক্ষা বোর্ড ও শিক্ষকরা বলেন, মেয়েদের এই সাফল্য গর্বের বিষয়। তাদের পরিশ্রম, অধ্যবসায় এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
এদিকে, এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
ফলাফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে বোর্ড সচিবসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 

























