ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি সচিব জানান, সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলে। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আখতার আহমেদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সময় কোনো কেন্দ্রে বাইরে অপেক্ষমাণ ভোটার ছিলেন না। এর আগে দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আসনটিতে ভোটার উপস্থিতির হার ছিল ৪৮ শতাংশ।
ভোটগ্রহণ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন প্রিসাইডিং কর্মকর্তার ছবি না থাকা-সংক্রান্ত ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়েও কথা বলেন ইসি সচিব। তিনি জানান, বিষয়টি নজরে আসার পর গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হয়েছে। কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে তথ্য মিলিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদেরও ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
নির্বাচন চলাকালে ভুয়া ভোটার সন্দেহে তিনজনকে আটকের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, তিনজনকে আটক করার ঘটনা সত্য। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের রাজনৈতিক পরিচয় বা সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে।
বর্তমানে কেন্দ্রগুলোতে স্বচ্ছতার সঙ্গে ভোট গণনা চলছে জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, সব কেন্দ্রের গণনা শেষ হলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
জ্যেষ্ঠ প্রতিবেদক 























