এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মুখে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মীর কাছ থেকে দুই লাখ এক হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে একটি কফি শপের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নূর নাফি ডেভলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন অফিস থেকে টাকা নিয়ে রিকশায় করে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে যাচ্ছিলেন। ব্যাংকে ওই টাকা জমা দেওয়ার কথা ছিল।
পথে সোনারগাঁও জনপদ সড়কের একটি কফি শপের সামনে পৌঁছালে এক ব্যক্তি রিকশা থামাতে বলেন। তিনি রিকশা থামানোর পর আরও তিনজন সেখানে আসেন।
এসময় তাদের একজন সুজনের দিকে পিস্তল তাক করে নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দেন। পরে সুজনের কাছ থেকে দুই লাখ এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে ওই ডেভলপারস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনির হোসেন বলেন, সুজন অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি জমা দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 
























