ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিনকে (৫৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল্লাহ আল আমিন দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার গফরগাঁও উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহ র্যাব-১৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার ব্যক্তি দুটি মামলার আসামি।
গফরগাঁও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, আবদুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে থানায় দুটি বিস্ফোরক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি প্রধান আসামি এবং অপর মামলায় ২২ নম্বর আসামি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, আসামিকে আমাদের হেফাজতে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 























