লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের ‘ঘুষের’ টাকা লেনদেন ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষের’ টাকা লেনদেন ও কথোপকথনের ভিডিও ভাইরাল হয়। উপসহকারী প্রকৌশলী খাইরুলের টাকা লেনদেনের ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের হাতে এসেছে।
এতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল। এ সময় তাঁর পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দর-কষাকষি শেষে ওই সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন উপসহকারী প্রকৌশলী।
এদিকে লক্ষ্মীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ও উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের ঘুষ গ্রহণের ভিডিও ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় গ্রাহকরা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। তিনি দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণ অসত্য এবং তিনি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করেননি। তবে ভিডিও নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ গ্রহণ ও কথোপকথনের ৮ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপপরিচালক-১ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নুরুল আমিনকে বরখাস্ত করা হয়।
নিজস্ব প্রতিবেদক 























