ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সিদ্ধিরগঞ্জ, বন্দরের জাঙ্গাল এলাকা থেকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা হয়ে ঢাকার যাত্রাবাড়ী পর্যন্ত ঢাকামুখী লেনে প্রায় ২১ কিলোমিটারজুড়ে যানজট রয়েছে।
এর ফলে তীব্র দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা।
শুক্রবার দিবাগত রাত ১১টায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
আইয়ুব আলী নামের এক যাত্রী বলেন, তীব্র যানজটের কারণে মদনপুর থেকে কাঁচপুর আসতে প্রায় ১ ঘণ্টা সময় লেগে গেল। যেখানে সাধারণত ১০ মিনিটের বেশি সময় লাগে না।
মুক্তা বেগম নামের আরেক যাত্রী বলেন, মহাসড়কে এমন জ্যাম আগে কখনো দেখিনি। একদিকে তীব্র গরম আরেক দিকে জ্যাম। গ্রামে ঈদ পালন করতে গিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে আমাদের।
আলী হোসেন নামের এক যাত্রী ঢাকার ওয়ারী যাওয়ার উদ্দেশ্যে সাইনবোর্ড থেকে রওনা দেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি ১ ঘণ্টা হয়েছে বাসে উঠেছি; এখনো মাতুয়াইল বসে আছি।
এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই যানজটের সৃষ্টি হয়। আশা করি, খুব শিগগিরই পুরো মহাসড়ক যানজটমুক্ত হয়ে যাবে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হককে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 



















