রংপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার (কাজী) মো. আনিছুর রহমানের বিরুদ্ধে সরকারি বিধিমালা লঙ্ঘন করে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় স্থাপন এবং অননুমোদিত সহকারীদের মাধ্যমে বাল্যবিবাহসহ নানা অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৭-এর উপসচিব (রেজিস্ট্রেশন) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. আশিক চৌধুরী নামের এক ভুক্তভোগী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত নিকাহ রেজিস্ট্রার মো. আনিছুর রহমান (স্থায়ী ঠিকানা: ০৯ নম্বর ময়েনপুর ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর) দীর্ঘদিন ধরে আইন অমান্য করে রংপুর মহানগরী ও জেলাজুড়ে ১২ থেকে ১৩ জন অননুমোদিত সহকারী নিয়ে একটি শক্তিশালী চক্র গড়ে তুলেছেন। অভিযোগ রয়েছে, অভিভাবক রাজি থাকলে বয়স যাচাই বা আইনের কোনো তোয়াক্কা না করেই এই চক্রটি অর্থের বিনিময়ে অহরহ বাল্যবিবাহ ও অবৈধ বিবাহ নিবন্ধন সম্পন্ন করছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই কাজীর ভিজিটিং কার্ডে মূল কাজীর মোবাইল নম্বর কেটে দিয়ে সহকারীরা কৌশলে নিজেদের নম্বর বসিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন। একাধিক কার্যালয় ও সহকারীর মাধ্যমে বিবাহ ও তালাক নিবন্ধনের ফলে পরবর্তীতে নিকাহনামা বা তালাকনামার জাবেদা নকল তুলতে গিয়ে চরম হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এসব জালিয়াতির ঘটনায় তাঁদের বিরুদ্ধে একাধিক মামলাও চলমান রয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযুক্ত কাজীর কথিত কার্যালয় ও সহকারীদের বিবরণ
অভিযোগপত্রে অধিক্ষেত্রের বাইরে পরিচালিত বেশ কয়েকটি কার্যালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য তুলে ধরা হয়েছে:
- প্রথম কার্যালয়: রংপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মুলাটোল আমতলা মসজিদসংলগ্ন এলাকায় অবস্থিত এই কার্যালয়টি কাজীর কন্যা মনিরা, মোছা. ইশরাত এবং তাঁর জামাতা পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে।
- দ্বিতীয় কার্যালয়: রংপুর জজ কোর্টসংলগ্ন ইঞ্জিনিয়ারপাড়ার প্রবেশমুখে অ্যাডভোকেট একরামুল হকের চেম্বারে পরিচালিত এই কার্যালয়ে মো. শওকত হোসেন, বরাত শাহাজাহান, মো. আতিয়ার রহমান আতিক, মো. কুদরত ও মো. আব্দুল মতিন নামের কথিত নিকাহ রেজিস্ট্রারদের মাধ্যমে অবৈধ বিবাহের কার্যক্রম চালানো হচ্ছে।
- তৃতীয় কার্যালয়: মুলাটোল মসজিদের গেটের সামনে মসজিদের মোয়াজ্জিন আল হেলালের নেতৃত্বে একটি কার্যালয় পরিচালিত হচ্ছে।
- চতুর্থ কার্যালয়: রংপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার একটি কক্ষে কথিত নিকাহ রেজিস্ট্রার আব্দুর রাজ্জাকের মাধ্যমে কার্যক্রম চালানো হয়।
এ ছাড়া মো. ফরিদ, মো. মেসবা এবং মো. শওকত হোসেনসহ আরও বেশ কয়েকজন ভ্রাম্যমাণ সহকারী হিসেবে এই চক্রের হয়ে কাজ করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী মো. আশিক চৌধুরী জানান, উল্লিখিত কার্যালয়গুলোতে গোপনে তদন্ত করলে কিংবা সংশ্লিষ্ট নম্বরগুলোতে বিবাহের বিষয়ে যোগাযোগ করলেই বাল্যবিবাহ ও জালিয়াতির সত্যতা পাওয়া যাবে। সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বাল্যবিবাহ রোধে অভিযুক্ত কাজী ও তাঁর অবৈধ সহকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব ভুয়া কাজীর দৌরাত্ম্যে সমাজে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। রাষ্ট্র ও নীতিনির্ধারকদের পক্ষ থেকে এখনই কঠোর ব্যবস্থা না নিলে বিবাহ নিবন্ধন ব্যবস্থার শৃঙ্খলা ভেঙে পড়বে।
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রংপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে যোগাযোগ করা হলেও দায়িত্বশীল কারও মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কাজী মো. আনিছুর রহমান বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এখন গাড়ি চালাচ্ছি, গাড়ি থামিয়ে আপনার সঙ্গে বিস্তারিত কথা বলব।”
শহীদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি 



















