আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবিগঞ্জের চুনারুঘাটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য তৎপরতা ও নাশকতা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
এমপি ফয়সল বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড যাতে ঘটতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ মাসুদ আলম-চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 



















