সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে কুশিয়ারা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। শেওলা ব্রিজের এক কিলোমিটার নামা থেকে শুরু করে শেওলা পুরাতন ফেরিঘাট, ঢেউনগর, দিগলবাগ, লামা দিগলবাগ, বালিঙ্গা ও চারাবই পর্যন্ত প্রায় দশ কিলোমিটার এলাকার ভিটেমাটি, ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে নদীর স্রোতের তীব্রতায় ভাঙন বাড়ে। কিন্তু স্থায়ী কোনো প্রতিরোধ ব্যবস্থা না থাকায় বছর বছর ভাঙছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও আবাদি জমি। অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। যারা এখনো টিকে আছেন, তারাও প্রতিদিন ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তাই অত্র এলাকার স্থানীয় জনসাধারণের জোর দাবি, জরুরি ভিত্তিতে সরকারি বরাদ্দে কুশিয়ারা নদীর ভাঙনকবলিত এলাকায় ব্লক স্থাপন করে ভাঙন রোধ করা হোক। তা না হলে আগামী বর্ষায় আরও বড় এলাকা নদীগর্ভে হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন শেওলা ইউনিয়নের ভাঙনকবলিত এলাকার জনসাধারণ।
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 




















