‘আলোকিত লালমনিরহাট’ মডেল দেশের ৬৩ জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান, ঐক্যবদ্ধ সমাজ গঠনে নতুন আশার আলো,আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় লালমনিরহাটের মাটিতে জন্ম নেওয়া একটি ব্যতিক্রমধর্মী সামাজিক আন্দোলন জাতীয় পর্যায়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, সামাজিক অবক্ষয় ও পরিবেশদূষণসহ নানা সামাজিক সমস্যা প্রতিরোধে গড়ে ওঠা ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচিকে সারাদেশের জন্য রোল মডেল হিসেবে ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে দেশের বাকি ৬৩টি জেলায় ‘আলোকিত লালমনিরহাট’-এর আদলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তাঁর এই বক্তব্যে লালমনিরহাটবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা, গর্ব ও আশার সঞ্চার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির স্বেচ্ছাসেবীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আইন নয়, সামাজিক ঐক্যেও সম্ভব অনেক সমস্যার সমাধান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় তিনি উপলব্ধি করেছেন, সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়। সমাজের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংগঠিতভাবে কাজ করলে অনেক জটিল সমস্যার সমাধান করা সম্ভব।
তিনি ‘আলোকিত লালমনিরহাট’কে একটি সফল সামাজিক আন্দোলনের রোল মডেল হিসেবে উল্লেখ করে বলেন, দেশের প্রতিটি জেলায় এ ধরনের উদ্যোগ প্রয়োজন। বাকি ৬৩টি জেলাতেও এই মডেল ছড়িয়ে দিতে হবে।
মাদকমুক্ত, অপরাধমুক্ত ও মানবিক সমাজ গঠনের আহ্বান
প্রধানমন্ত্রী লালমনিরহাটের মাদক সমস্যার কথা উল্লেখ করে বলেন, এ সমস্যা সমাধানে সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, একটি পরিবার, একটি সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও বিপর্যস্ত করে।
তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষা, নদী-নালা, খাল-বিল পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, নির্বিচারে গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ফুল, ফল ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের অনন্য দৃষ্টান্ত
‘আলোকিত লালমনিরহাট’-এর কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মত, ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ এক ছাদের নিচে এসে সমাজের কল্যাণে কাজ করছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, এই কর্মসূচি তার বাস্তব প্রমাণ।
তিনি আগামী প্রজন্মকে সুস্থ, সুন্দর, নিরাপদ ও মানবিক পরিবেশে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
লালমনিরহাটের জন্য গর্বের এক ঐতিহাসিক স্বীকৃতি
প্রধানমন্ত্রীর বক্তব্যে ‘আলোকিত লালমনিরহাট’ শুধু একটি জেলার সামাজিক কর্মসূচি হিসেবে নয়, বরং জাতীয় পর্যায়ে অনুসরণযোগ্য একটি মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এটি লালমনিরহাটের সর্বস্তরের মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কারণ একটি সুন্দর সমাজ গড়তে শুধু প্রশাসন কিংবা সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন সাধারণ মানুষের অংশগ্রহণ, সামাজিক দায়বদ্ধতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মিলিত প্রচেষ্টা।
এই উদ্যোগের মাধ্যমে প্রতিটি পাড়া-মহল্লা, গ্রাম, ইউনিয়ন ও উপজেলায় সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস, জুয়া ও নানা সামাজিক অপরাধের বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রত্যাশা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। এ ছাড়া বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
আমাদের প্রত্যাশা
আমরা চাই, ‘আলোকিত লালমনিরহাট’ শুধু একটি কর্মসূচির নাম হয়ে না থাকুক; এটি হয়ে উঠুক মানুষের চিন্তা-চেতনা, বিবেক, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের প্রতীক।
প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক সচেতনতার আলো। প্রতিটি তরুণ এগিয়ে আসুক সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত, পরিচ্ছন্ন, সবুজ এবং মানবিক লালমনিরহাট গড়ে উঠুক সবার সম্মিলিত প্রচেষ্টায়।
প্রধানমন্ত্রীর আহ্বানে লালমনিরহাটের এই সামাজিক আন্দোলন ছড়িয়ে পড়ুক বাংলাদেশের ৬৪ জেলায়—আলোকিত হোক প্রতিটি জনপদ, আলোকিত হোক বাংলাদেশ।
মো. মিজানুর রহমান-লালমনিরহাট জেলা প্রতিনিধি 

























