ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাস্থলে পেট্রোল বোমা নিক্ষেপ বা নাশকতামূলক কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফুলপুর পৌর এলাকার গোলচত্বরসংলগ্ন গ্রিন রোডে অবস্থিত বিএনপির সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের একতলা বাসায় এ ঘটনা ঘটে। আগুনে বাসার জানালার পর্দার কিছু অংশ পুড়ে গেছে।
পুলিশের প্রাথমিক তদন্ত ও প্রাপ্ত তথ্যমতে, বিএনপির সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাসার সামনের একটি আমগাছের নিচে জমে থাকা শুকনো পাতায় আগুন জ্বালানো হয়েছিল। সেখান থেকে আগুনের ফুলকি উড়ে জানালার পর্দায় লাগে এবং পর্দার কিছু অংশ পুড়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমগাছের নিচের শুকনো পাতায় জ্বালানো আগুন থেকেই জানালার পর্দায় আগুন লেগেছে।”
এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মো. রাসেল ফকির-ময়মনসিংহ ব্যুরো প্রধান 

























