দীর্ঘ পাঁচ বছর পর ঢাকার আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসু (৪০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাওন আহম্মেদ সুজন (২৮) নামে এক আসামিকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ, পিপিএম-সেবা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পিবিআই কর্তৃপক্ষ জানায়, ২০২১ সালের ২৪ অক্টোবর রাত ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিটের মধ্যে আশুলিয়া থানাধীন এনায়েতপুর দক্ষিণপাড়ার আবু বকর সিদ্দিকের বাড়ির একটি ভাড়া কক্ষে বাদল মিয়া ওরফে জোসুকে গলায় গামছা পেঁচিয়ে ও মারধর করে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা মো. সিদ্দিকুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রথমে আশুলিয়া থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় এক বছর আট মাস তদন্ত শেষে সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। তবে আদালত ওই প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই ঢাকা জেলাকে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় পিবিআইয়ের এসআই ফরহাদ মোল্লাকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, নিহত বাদল মিয়া ওরফে জোসুর সঙ্গে মো. শাওন আহম্মেদ সুজনের পূর্বপরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সুজন ধামরাইয়ের একটি টেক্সটাইল কোম্পানিতে চালক হিসেবে কর্মরত থাকার সময় বাদলের সঙ্গে তাঁর পরিচয় হয়।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঘটনার দিন এক তরুণীকে সঙ্গে নিয়ে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়ে বাদলের সঙ্গে সুজনের কথা হয়। বাদলের আমন্ত্রণে সুজন আশুলিয়ার এনায়েতপুর দক্ষিণপাড়ায় মোর্শেদের ভাড়া বাসায় যান। পরে ওই তরুণীকে বাসায় না পেয়ে বাদল নিজেই সুজনের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। সুজন এতে রাজি না হওয়ায় বাদল তাঁর শার্টের পকেটে থাকা ৩ হাজার টাকা নিয়ে নেন এবং আরও ৫ হাজার টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন বলে তদন্তে উঠে এসেছে।
এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বাদলকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান সুজন বলে পিবিআইয়ের তদন্তে জানা গেছে।
পিবিআই জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে শাওন আহম্মেদ সুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ আরও জানান, আদালতের নির্দেশে অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে পিবিআই। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাঁদের বিষয়েও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।
আবুল হাসনাত রাসেল-উত্তরা 

























