চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার কোনো পরিকল্পনা তাঁর নেই। বৃহস্পতিবার এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠেয় এ বৈঠকে ইরান যুদ্ধ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার শেনজেনে অনুষ্ঠিতব্য বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে এক টেলিফোন আলাপে নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমার মনে হয়, প্রেসিডেন্ট শি জিন পিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে ইরান নিয়ে আলোচনা করতে চান।’
তবে বৈঠকে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ উঠবে কি না, সে বিষয়ে ওই কর্মকর্তা নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে আলোচনার বিষয়টি ট্রাম্পের এবারের আলোচ্যসূচিতে থাকার কথা নয়।
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ট্রাম্পের এ বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে, চীন ও রাশিয়া উভয়ই ইরানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ফলে ইরান যুদ্ধ নিয়ে দুই দেশের শীর্ষ নেতার সঙ্গে ট্রাম্পের আলোচনা সংঘাতের ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে।
তবে বৈঠকে ইরান ইস্যুতে কী ধরনের সমঝোতা বা উদ্যোগ নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে মার্কিন কর্মকর্তার বক্তব্যে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: ডন নিউজ
আন্তর্জাতিক ডেস্ক 
























