কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহফুজ হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মাহফুজ হোসেন উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচপুকুরিয়া গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে মাহফুজের বসতঘরে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার মাহফুজ হোসেনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ জাহিদুল ইসলাম মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 



















