রাজধানীর আজিমপুরে সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত বহুতল আবাসন প্রকল্পে বিভিন্ন সময়ে নানা পর্যায়ে ব্যয় বাড়িয়ে দুই শতাধিক কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। আজিমপুর গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী ইলিয়াস আহমেদের নেতৃত্বে পরিচালিত এই প্রকল্পে কেবল কন্টিনজেন্সি খাত থেকেই অর্ধশতাধিক কোটি টাকা লোপাটের তথ্য-প্রমাণ মিলেছে। অভিযুক্ত এই প্রকৌশলী বর্তমানে লোকচক্ষুর আড়ালে থাকতে ঢাকা ছেড়ে সিলেট গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানায়, তিনি বর্তমান গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুরকে নিজের আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে এবং খোলস পাল্টে জাতীয়তাবাদের স্লোগান তুলে নব্য বিএনপি সাজার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রকল্পের শুরু থেকেই অনিয়ম ও ঘুষের সিন্ডিকেট: অনুসন্ধানে জানা যায়, প্রকল্পটির সূচনালগ্ন থেকেই সাবেক নির্বাহী প্রকৌশলী ইলিয়াস আহমেদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। প্রকল্পের কাজের দরপত্র বা টেন্ডার সম্পন্ন হওয়ার পর বিভিন্ন অনিয়মের কারণে সে সময় একটি মামলাও দায়ের করা হয়েছিল। কিন্তু সরকারি নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে অর্ধযুগেরও বেশি সময় ধরে এই ডিভিশনের দায়িত্বে থেকে তিনি নিজস্ব বলয়ের একটি লুটপাট সিন্ডিকেট গড়ে তোলেন। ঠিকাদারদের কাছ থেকে ১০ থেকে ১২ শতাংশ হারে ঘুষ আদায়ের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও ঘুষ-বাণিজ্য চালানোর কারণে প্রকল্প শুরুর বছরখানেক পরই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেন। তবে তৎকালীন গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে নিবিড় সখ্যের সুবাদে শাস্তির পরিবর্তে তিনি পদোন্নতি পেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হন বলে সংশ্লিষ্টরা জানান।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলি ও হত্যা মামলার আসামি: ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকৌশলী ইলিয়াস আহমেদ নিজের ইচ্ছায় অর্থ খরচ করে সিলেটে বদলি হয়ে যান। শিক্ষার্থীদের আন্দোলন দমনের উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা ও দলীয় ঠিকাদারদের অর্থের জোগান দেওয়ার অভিযোগে দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে। হত্যা মামলা মাথায় নিয়েই বর্তমানে তিনি নিয়মিত দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বেনামি ঠিকাদারি ও নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে হরিলুট: প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আজিমপুর ডিভিশনের দায়িত্ব নেওয়ার পর ইলিয়াস আহমেদ প্রথম পর্যায়ের ভবন নির্মাণের পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের প্রজেক্ট প্রোফাইল তৈরি এবং সংশোধিত ডিপিপির (আরডিপিপি) বিভিন্ন পর্যায়ের কাজে যুক্ত থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত লুটপাটের নীলনকশা বাস্তবায়ন করেন। ওই বছরের নভেম্বরে তার পদোন্নতি হলেও আরও বেশি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তিনি ইচ্ছাকৃতভাবে তিন মাস পর দায়িত্ব হস্তান্তর করেন এবং এই সময়ে পেছনের তারিখ দিয়ে অসংখ্য ফাইলে স্বাক্ষর করে অনিয়ম ঢাকার চেষ্টা চালান।
সাড়ে ছয় বছরের দায়িত্বকালে তিনি অযোগ্য ঠিকাদারদের কাজ দিয়ে এবং নিজে বেনামি ঠিকাদারি ব্যবসা করে দুই শতাধিক কোটি টাকা হাতিয়ে নেন। এ সময় মুস্তাফিজ ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানকে প্রকল্পের অসংখ্য কাজ দেওয়ার পাশাপাশি বার্ষিক ক্রয় পরিকল্পনার (এপিপি) বহু কাজ করিয়ে বরাদ্দের বড় অংশ নিজেই আত্মসাৎ করেন। একইভাবে স্যুয়ারেজ ট্রিটমেন্টের কাজগুলো কেবল ইকবাল ট্রেডিং করপোরেশনকে দিয়ে করানোর ফলে প্ল্যান্টে নানা ভৌত ও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ ছাড়া পদ্মা অ্যাসোসিয়েট, নুরানী কনস্ট্রাকশন, বঙ্গ বিল্ডার্স, জননী এন্টারপ্রাইজ, তনিমা এন্টারপ্রাইজ ও আব্দুল্লাহ এন্টারপ্রাইজের নামে বিভিন্ন কাজ পাইয়ে দিয়ে তিনি মোটা অঙ্কের কমিশন বাগিয়ে নেন। প্রকল্পের ইটিপি, অভ্যন্তরীণ আরসিসি সড়ক, অভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজ, সাব-স্টেশন ও জেনারেটর বিল্ডিং, সার্ভিস এরিয়ার সীমানা প্রাচীর, খেলার মাঠ, টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, পুকুর ও জলাধার নির্মাণেও ব্যাপক দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। পাশাপাশি ডিভিশনে কর্মরত থাকাকালে হিসাব শাখার এক নারী কর্মচারীকে ঘিরেও তার বিরুদ্ধে ঠিকাদারদের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
ঢাকাকেন্দ্রিক দীর্ঘ চাকরিজীবন ও ‘ম্যানেজ মাস্টার’ পরিচিতি: প্রকৌশলী ইলিয়াস তার চাকরিজীবনের প্রায় পুরো সময়টাই ঘুরেফিরে ঢাকায় কাটিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলটির নেতা মৃণাল কান্তিকে ম্যানেজ করে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) হিসেবে সবচেয়ে আকর্ষণীয় পদ রমনা গণপূর্ত বিভাগ-১-এ পদায়ন বাগিয়ে নেন। সেখানে প্রায় চার বছর দায়িত্ব পালনকালে নিজের ভাইসহ আত্মীয়-স্বজনের নামে ১৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে বেনামে ব্যবসার মাধ্যমে কয়েক কোটি টাকা লোপাট করেন। পরবর্তীতে লুটপাটের অর্থ বিনিয়োগ করে সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমেদকে ম্যানেজ করে পদোন্নতিসহ মহাখালী গণপূর্ত বিভাগে এবং সেখান থেকে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ-২-এ বদলি হন।
বেপরোয়া অনিয়মের কারণে পরবর্তী প্রধান প্রকৌশলী তাকে নড়াইলে বদলি করলেও মাত্র এক বছরের মাথায় তিনি পুনরায় ২ নম্বর বিভাগে ফিরে আসেন। তবে ব্যাপক দুর্নীতির অভিযোগে এসএসএফ প্রধানের আপত্তির মুখে সেখান থেকে সরে গিয়ে প্রধান প্রকৌশলী রফিককে ম্যানেজ করে এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের সুপারিশে আজিমপুরে বদলি হন। আজিমপুরে থাকাকালীন মাঝখানে পদোন্নতির সুযোগ এলেও অবৈধ আয়ের লোভে তিনি পদোন্নতি বিলম্বিত করেন। অবশেষে আওয়ামী লীগের শেষ মেয়াদে পূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ম্যানেজ করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি নিয়ে ১ নম্বর সার্কেলে বসেন। ‘ম্যানেজ মাস্টার’ হিসেবে পরিচিত এই প্রকৌশলী ওই পদে বসার ছয় মাস না যেতেই ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতন ঘটলে প্রশাসন তাকে সিলেটে বদলি করতে বাধ্য হয়।
সংশোধিত ডিপিপিতে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি ও গরমিল: সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনায় দেখা যায়, প্রকল্পের শুরু থেকেই আইনের তোয়াক্কা না করে ইচ্ছেমতো ব্যয় ধরা হয়েছে এবং সংশোধিত ডিপিপিতে তা দুই থেকে তিন গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। কোথাও কোন কোম্পানির কী পরিমাণ উপকরণ ব্যবহৃত হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করেই এবং কিছু ক্ষেত্রে কাজের পরিধি কমিয়েও অর্থ সমন্বয় করা হয়নি।
হিসাব অনুযায়ী, প্রথমে ৬৫ হাজার ৪৪৫ ঘনমিটার ভূমি উন্নয়নের জন্য ৪ কোটি ১৫ লাখ টাকা ধরা হলেও সংশোধনের পর বাড়তি ৪ হাজার ৮৩৫ ঘনমিটারের জন্য আরও ১ কোটি টাকা ধরা হয়; এতে প্রতি ঘনমিটার মাটি উন্নয়নের খরচ ৬৩৫ টাকা থেকে ১ হাজার ৪১৫ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকায় দাঁড়ায়। ৪ হাজার মিটার সীমানা প্রাচীর ও অরনামেন্টাল গেটের ব্যয় ৯ কোটি ৪৭ লাখ টাকা থেকে ৩৭ লাখ টাকা বাড়িয়ে ৯ কোটি ৮৪ লাখ টাকা করা হয়েছে, যেখানে মিটারপ্রতি খরচ ৯২৫ টাকা বেড়ে হয়েছে ২৪ হাজার ৬০০ টাকা। ১৫ হাজার বর্গমিটার জলাশয় উন্নয়ন ও আধুনিকীকরণের নামে বর্গমিটারপ্রতি ৪ হাজার টাকা হিসাবে মোট ৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, যেখানে আয়তনও বাড়িয়ে দেখানো হয়েছে। ৬ লাখ ৫০ হাজার গ্যালন ধারণক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ অগ্নিনির্বাপক জলাধারের ব্যয় ৫ কোটি ৯৮ লাখ টাকা থেকে প্রায় ২ কোটি টাকা বাড়িয়ে ৭ কোটি ৬ লাখ টাকা করা হয়েছে, যা প্রতি গ্যালনে ১০৮ টাকা পড়ে।
এ ছাড়া গভীর নলকূপ, জলাধার ও বৃক্ষরোপণে প্রায় ১৭ কোটি টাকা (যার মধ্যে ডিস্ট্রিবিউশন লাইনসহ ৪টি গভীর নলকূপে ৬ কোটি এবং আরবরিকালচার ও প্লেগ্রাউন্ড উন্নয়নে ৪ কোটি টাকা), মাটি পরীক্ষা ও ডিজিটাল সার্ভেতে ৫৫ লাখ টাকা এবং আরসিসি রাস্তা, পার্কিং, ফুটপাত ওয়াকওয়ে ও ডাস্টবিন নির্মাণে ২২ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ভবনগুলোর বেসমেন্ট, নিচতলা ও সারফেস পার্কিং পর্যাপ্ত না হওয়ায় ১২ তলাবিশিষ্ট একটি মেকানিক্যাল কার পার্কিং নির্মাণের কথা বলা হয়। সেখানে ২৮৮টি গাড়ি রাখার কথা থাকলেও বাস্তবে ২৪০টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে; এতে প্রায় ১১ কোটি টাকা কম খরচ হলেও তা উদ্বৃত্ত বা সমন্বয় হিসেবে দেখানো হয়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠিত হয়েছিল।
অবকাঠামো ও যন্ত্রপাতি ক্রয়ে বিশাল অঙ্কের বরাদ্দ: ডিপিপির তথ্যমতে, ১ হাজার ৮০০ বর্গফুটের ২২৮টি ফ্ল্যাটের জন্য ২০ তলাবিশিষ্ট ৩টি ভবন নির্মাণে ৩০৮ কোটি ৩১ লাখ টাকা, ১ হাজার ৫০০ বর্গফুটের ৬০৮টি ফ্ল্যাটের জন্য ২০ তলাবিশিষ্ট ৮টি ভবন নির্মাণে ৭২০ কোটি ৭১ লাখ টাকা এবং ১ হাজার ২৫০ বর্গফুটের ৩০৪টি ফ্ল্যাটের জন্য ৪টি ভবন নির্মাণে ৩২৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। মাল্টিপারপাস ভবন, ৫টি ক্লাব হাউস, ২টি গণপূর্ত সার্ভিস মেইনটেন্যান্স ভবন ও কার পার্কিং ভবনসহ ইউটিলিটি ভবনগুলোর মূল ব্যয় ১০৬ কোটি ৯০ লাখ টাকা থেকে ২২ কোটি টাকা বাড়িয়ে ১২৮ কোটি ৮৮ লাখ টাকা করা হয়েছে। মসজিদসহ ধর্মীয় স্থান ও উপাসনালয় নির্মাণে ৫ কোটি ৯৫ লাখ টাকা, ডেসকো-ডিপিডিসির চার্জ ৮ কোটি ৫০ লাখ টাকা, ওয়াসা সংযোগ চার্জ ২ কোটি ৬০ লাখ টাকা এবং আধুনিক ভবন নির্মাণের অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণ বাবদ ১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
যন্ত্রপাতি ও অন্যান্য খাতে ১৭টি সাব-স্টেশন যন্ত্রপাতি, এইচটি ক্যাবল ও ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে ৫৩ কোটি টাকা, ফুয়েলসহ ১৭টি ডিজেল জেনারেটরে ৬ কোটি ৯৪ লাখ টাকা, লিফটে ৬১ কোটি ৫১ লাখ টাকা এবং পাম্প মোটর সেটে ৫ কোটি ২৫ লাখ টাকা ধরা হয়েছে। মূল ডিপিপি থেকে প্রায় ১ কোটি টাকা বাড়িয়ে অগ্নিনির্বাপক ব্যবস্থা ও ফায়ার রেটেড ডোরে ২৭ কোটি ৩৪ লাখ টাকা, সৌরবিদ্যুতে (৫৪০ কিলোওয়াট) প্রায় ১ কোটি বাড়িয়ে ৭ কোটি ৭৫ লাখ টাকা, কম্পাউন্ড ও গেট লাইটসহ পানির হিটারে ৮ কোটি ৬১ লাখ টাকা, বেসমেন্টের কৃত্রিম ভেন্টিলেশন ও এয়ারকুলারে ৮ কোটি বাড়িয়ে ১৮ কোটি ৯৫ লাখ টাকা এবং সিসিটিভিতে প্রায় ২ কোটি বাড়িয়ে ৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। তবে এসব সামগ্রী কোথায় কী পরিমাণে বসানো হবে তা নির্দিষ্ট করা হয়নি।
এ ছাড়া পিএবিএক্স সিস্টেম ও ইন্টারকমসহ অন্যান্য ডিভাইসে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা এবং যানবাহন খাতে ১টি পাজেরো জিপ ৯৫ লাখ, ২টি ডাবল কেবিন পিকআপ ৫৫ লাখ, ১টি প্রাইভেটকার ৩০ লাখ ও ২টি মোটরসাইকেল ৪ লাখ টাকাসহ মোট ২ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ দেখানো হয়েছে। এর বাইরে গাড়ির নিবন্ধনে ১৫ লাখ এবং জ্বালানি বাবদ ১৫ লাখ টাকা রাখা হয়েছে। পাশাপাশি ৪ শতাংশ ফিজিক্যাল ও প্রাইস কন্টিনজেন্সি খাতে কাগজ-কলম ও মনোহারি দ্রব্যাদি সরবরাহ দেখিয়ে প্রকৌশলী ইলিয়াসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায় অর্ধশত কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
সময়ক্ষেপণ, সরেজমিন চিত্র ও অভিযুক্তের নীরবতা: অনুসন্ধানে আরও জানা যায়, ৩৩ দশমিক ৬৮ একর জমির ওপর ২ হাজার কোটি টাকা ব্যয়ে জোন-এ-তে বহুতল আবাসিক ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০১৯ সালে। ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও উদ্দেশ্যপ্রণোদিত সময়ক্ষেপণের কারণে ইতিমধ্যে দুই দফা মেয়াদ বাড়িয়েও প্রকল্পটি শেষ করা যায়নি। এখন নতুন করে আরও এক বছর সময় বাড়ানোর পাশাপাশি ঠুনকো অজুহাতে আরও ৮ কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রক্রিয়া চলছে। নিয়মিত অর্থ ছাড় দেওয়া হলেও ওয়াহিদ কনস্ট্রাকশনসহ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান যথাযথভাবে কাজ করছে না বলে অভিযোগ রয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ওই সময় পর্যন্ত প্রতিষ্ঠানটি মাত্র ৬৫ শতাংশ কাজ সম্পন্ন করতে পেরেছে।
প্রকল্পের মূল বরাদ্দের প্রায় ৯০ শতাংশ অর্থ ইতিমধ্যে ব্যয় হয়ে গেলেও ২০২৪ সালের ডিসেম্বরে কাগজে-কলমে কাজের সার্বিক অগ্রগতি দেখানো হয়েছে মাত্র ৮০ শতাংশ, যদিও প্রকৌশলীদের মতে বাস্তবে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরেও এই প্রকল্পে ২০৬ কোটি ১৬ লাখ টাকা ছাড় দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ১৫টি বহুতল ভবনের মধ্যে ৪টি মূল ভবন, মসজিদ, ইউটিলিটি ভবন, ক্লাব, মাঠ, কার পার্কিং ও নলকূপ স্থাপনের কাজ এখনো চলমান—যার কোনোটি শেষ পর্যায়ে আবার কোনোটি সবে শুরু হয়েছে। নতুন একটি পুকুর খনন করা হলেও বাকি দুটি পুকুরের একটির সীমানা প্রাচীরের কাজ চলছে এবং অন্যটির নির্মিত প্রাচীর ইতিমধ্যেই ভেঙে গেছে; পুকুরগুলোতে ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে। বৃক্ষরোপণের জন্য বিপুল অর্থ বরাদ্দ থাকলেও এখন পর্যন্ত কোনো গাছ লাগানো হয়নি। নির্মিত আরসিসি রাস্তা, পার্কিং ও ফুটপাত ওয়াকওয়ের বিভিন্ন অংশ ভেঙে গেছে। এমনকি দীর্ঘদিনের পুরনো একটি পুকুরের বড় অংশ ভরাট করে আবার নতুন জলাধার নির্মাণের নামে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রকৌশলী ইলিয়াস আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
নিজস্ব প্রতিবেদক 






















