পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের বজরাপাড়া গ্রামে অবস্থিত ১৮৪ বছরের পুরোনো বজরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসা ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে নানা অবকাঠামোগত সংকটে জর্জরিত। শ্রেণিকক্ষে পর্যাপ্ত বেঞ্চ না থাকায় গাদাগাদি করে বসে পাঠ নিতে হচ্ছে শিক্ষার্থীদের। অন্যদিকে, বিদ্যালয়ের চারপাশে সীমানাপ্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে কোমলমতি শিশুরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮৪৩ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় ৯৬-৯৭ শতাংশ। তবে প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে বেঞ্চের সংকটের কারণে অনেক শিক্ষার্থীকে অস্বস্তিকর পরিবেশে বসে পাঠ গ্রহণ করতে হয়।
এদিকে, বিদ্যালয়ের চারপাশে সীমানাপ্রাচীর না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। খেলার সময় জীবজন্তুর ভয়ে স্বাচ্ছন্দ্যে মাঠে বিচরণ করতে পারে না শিশুরা। শিক্ষার্থীদের ভাষ্য, প্রায়ই বিদ্যালয় প্রাঙ্গণে সাপ, বেজি ও শিয়ালের মতো বন্য প্রাণীর প্রবেশ ঘটে। ফলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা থেকে যায়।
বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক জানান, শিক্ষার্থীদের উপস্থিতি সাধারণত ভালো থাকে। তবে বর্ষা মৌসুমে বিদ্যালয়ের সামনের কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে পারে না। রাস্তাটি পাকা করা হলে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুলার রহমান জানান, বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় ৯৬ থেকে ৯৭ শতাংশ। এত ভালো উপস্থিতি থাকা সত্ত্বেও পর্যাপ্ত অবকাঠামোর অভাবে পাঠদান কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। বিশেষ করে বেঞ্চের সংকটের কারণে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়।
এ ছাড়া বিদ্যালয়টি ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ অত্যন্ত জরুরি। প্রাচীর না থাকায় সাপ, বেজি ও শিয়ালের মতো প্রাণী বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে। এতে শিশুরা নির্ভয়ে খেলাধুলা করতে পারে না। দ্রুত প্রয়োজনীয় বেঞ্চ সরবরাহ ও সীমানাপ্রাচীর নির্মাণ করা হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান আরও উন্নত করা সম্ভব হবে।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা, যথাযথ কর্তৃপক্ষের উদ্যোগে দীর্ঘদিনের এসব সমস্যার সমাধান হলে ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে।
আনিসুর রহমান মানিক-পঞ্চগড় প্রতিনিধি 




















