প্রাণিসম্পদ খাতের উন্নয়নে প্রায় ১৭ হাজার কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন, গবাদিপশুর জাত উন্নয়ন, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি, কৃত্রিম প্রজনন, ভেটেরিনারি হাসপাতাল নির্মাণ, হাঁস-মুরগির খামার আধুনিকায়নসহ বিভিন্ন লক্ষ্য সামনে রেখে ৩৪টি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। তবে বিপুল অর্থের এসব প্রকল্পের অধিকাংশই এখনো অনুমোদনের প্রাথমিক ও প্রশাসনিক পর্যায়ে রয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে প্রস্তাবগুলো। কোনো প্রকল্পের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হয়েছে, কোনোটি সভার সিদ্ধান্ত অনুযায়ী পুনর্গঠন করা হচ্ছে। আবার কয়েকটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। ফলে এত বড় বিনিয়োগ পরিকল্পনার বিপরীতে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি কতটা এগিয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ব্যয় ধরা হয়েছে ৩৩৩ কোটি ৬১ লাখ টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদি এ প্রকল্পের পিইসি সভা শেষে ডিপিপি পুনর্গঠন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ৪৮ কোটি ৭৭ লাখ টাকা এবং কেন্দ্রীয় মুরগি খামারের সক্ষমতা বাড়াতে ৩১ কোটি ২৮ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। গর্ভবতী ও দুগ্ধবতী গাভির সুষম পুষ্টি নিশ্চিত করে দুধ উৎপাদন বাড়াতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৪৫ কোটি টাকা। দেশীয় গরুর জাত সংরক্ষণ, জলবায়ু সহিষ্ণু দুগ্ধবতী মহিষের সম্প্রসারণ এবং গবাদিপশুর প্রজননজনিত রোগ নিয়ন্ত্রণেও পৃথক প্রকল্প রয়েছে।
আঞ্চলিক উন্নয়নেও বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ময়মনসিংহ অঞ্চলে টেকসই প্রাণিসম্পদ উন্নয়নে ৫৭৬ কোটি টাকা এবং সিলেট অঞ্চলে একই ধরনের উন্নয়ন ও সম্প্রসারণে ৪০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। হাওর অঞ্চলে জলবায়ু সহিষ্ণু হাঁস পালন সম্প্রসারণে চারটি সরকারি হাঁস খামারের সক্ষমতা বাড়াতে চাওয়া হয়েছে ৪৩ কোটি ৫৪ লাখ টাকা।
এ ছাড়া বিসিএস লাইভস্টক একাডেমি আধুনিকায়নে ৩১৮ কোটি ৭৯ লাখ টাকা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠপর্যায়ের অফিস ও স্থাপনায় সীমানাপ্রাচীর নির্মাণে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, সবুজ পাতাবহির্ভূত প্রকল্পের তালিকায় রয়েছে গবাদিপশুর কৃত্রিম প্রজনন সেবা সম্প্রসারণ, ইউনিয়ন পর্যায়ে প্রাণিসম্পদ সেবা, সরকারি দুগ্ধ খামার আধুনিকায়ন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল ও ঔষধাগার পুনর্নির্মাণ, উপজেলা পর্যায়ে ভেটেরিনারি মোবাইল সেবা এবং আইসিটিভিত্তিক তথ্য অবকাঠামো উন্নয়ন। বিভাগীয় বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপন, পিপিআর রোগ নির্মূলের দ্বিতীয় পর্যায় এবং নতুন ৫৪টি ছাগল খামার স্থাপনের প্রস্তাবও রয়েছে। এসব প্রকল্পের অধিকাংশই যাচাই ও প্রশাসনিক প্রক্রিয়ায় আটকে আছে।
রোগ প্রতিরোধের সক্ষমতা বাড়াতে আধুনিক প্রাণিসম্পদ টিকা উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষায় ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪৫ লাখ টাকা। পাশাপাশি বৈদেশিক অর্থায়নে ওয়ান হেলথ পদ্ধতিতে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রায় ২ হাজার ৯৯৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের অংশ প্রায় ১ হাজার ২৭০ কোটি টাকা।
প্রকল্পগুলোর লক্ষ্য গুরুত্বপূর্ণ হলেও বাস্তবায়ন সক্ষমতা, ব্যয়ের যৌক্তিকতা এবং প্রকল্প-পরবর্তী রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সেবা সম্প্রসারণ, রোগ নিয়ন্ত্রণ এবং খামারিদের সরাসরি সুবিধা নিশ্চিত করা জরুরি। শুধু অবকাঠামো নির্মাণ নয়, এসব বিনিয়োগের সুফল মাঠপর্যায়ে পৌঁছানোই হবে প্রকল্পগুলোর সাফল্যের মূল মাপকাঠি।
জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান খান ঢাকা পোস্টকে বলেন, ‘প্রাণিসম্পদ খাতকে আধুনিক, উৎপাদনমুখী ও টেকসই করতে প্রকল্পগুলো প্রস্তাব করা হয়েছে। দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত সম্প্রসারণ, রোগ নিয়ন্ত্রণ এবং খামারিদের মানসম্মত সেবা দেওয়াই মূল লক্ষ্য। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের নির্দেশনা অনুযায়ী ডিপিপি পুনর্গঠন ও সংশোধন করা হচ্ছে। অনুমোদন পাওয়া সাপেক্ষে অগ্রাধিকার অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করা হবে।’
এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমসাময়িক ঘটনার বিশ্লেষক ড. মো. সহিদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ‘প্রাণিসম্পদ খাতে এত বড় বিনিয়োগের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। তবে শুধু প্রকল্পের সংখ্যা বা বরাদ্দ বাড়ালেই এ খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ, ব্যয়ের যৌক্তিকতা এবং মাঠপর্যায়ে কার্যকর সুফল নিশ্চিত করতে হবে। বিশেষ করে গবাদিপশুর জাত উন্নয়ন, রোগ প্রতিরোধ, উন্নত প্রজনন সেবা এবং খামারিদের প্রশিক্ষণে বিনিয়োগ বাড়ানো জরুরি। একই সঙ্গে প্রকল্প শেষ হওয়ার পর সেগুলোর রক্ষণাবেক্ষণ ও সেবা অব্যাহত রাখার বিষয়টিও পরিকল্পনায় রাখতে হবে।’
নিজস্ব প্রতিবেদক 






















