শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে মনোস্পুল বাংলাদেশ ও ওরিয়ন ইনফিউশন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর মাগুরা মাল্টিপ্লেক্স বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে লোকসানের কারণে ওরিয়ন ফার্মা শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো পৃথকভাবে এ ঘোষণা দেয়।
তথ্য অনুযায়ী, মনোস্পুল বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ২ পয়সা।
মাগুরা মাল্টিপ্লেক্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৩ পয়সা। গত ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৫ টাকা ৯২ পয়সা।
ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। গত ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ২৭ পয়সা।
এদিকে, ওরিয়ন ফার্মার পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। তবে গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ৮৪ টাকা ১৫ পয়সা।
চার কোম্পানির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য মনোস্পুল বাংলাদেশ ও মাগুরা মাল্টিপ্লেক্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ দুই কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১ ডিসেম্বর।
অন্যদিকে, ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশনের এজিএম আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ দুই কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর।
জ্যেষ্ঠ প্রতিবেদক 

























