কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মাওলানা সৈয়দ আবু সায়েমকে আহ্বায়ক এবং মুফতি এনায়েতুল্লাহ আল মুজতাবাকে সদস্যসচিব করে ২৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র নির্বাহী সভাপতি মাওলানা জুবায়ের আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হেদায়েতুল্লাহ হাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সদস্য মাওলানা ফয়েজুদ্দিন, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল মুমিন শের জাহান, তাড়াইল উপজেলা শাখার উপদেষ্টা সদস্য মাওলানা ফখরুদ্দিন এবং উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল হাই।
সভায় বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশের মানুষের ঈমান-আকিদা ও ইসলামী মূল্যবোধ রক্ষা এবং ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবগঠিত নেতৃত্বের মাধ্যমে তাড়াইল উপজেলায় সংগঠনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে, ইনশাআল্লাহ।
পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় দোয়া-মোনাজাতের মাধ্যমে গঠনসভা সমাপ্ত হয়।
রুহুল আমিন-তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

























