রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ আধুনিক চিকিৎসাসেবার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। হাসপাতালটিতে আইসিইউ, নতুন পোস্ট-অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগে ই-টিকিট, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতিসহ ডিজিটাল স্বাস্থ্যসেবার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর এই হাসপাতালটিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব আধুনিক চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (এমপি)। এ সময় তিনি বলেন, ‘নিটোর এগিয়ে যাক, উন্নত চিকিৎসাসেবা পৌঁছে যাক মানুষের দোরগোড়ায়।’
চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, যখন রোগীর পাশে তাঁর আত্মীয়স্বজনরা থাকেন না, তখন চিকিৎসকরাই তাঁদের পাশে থাকেন। চিকিৎসকদের সুন্দর ব্যবহার ও প্রয়োজনীয় পরামর্শ রোগীর সুস্থতায় বিশেষ ভূমিকা রাখে। চিকিৎসকদের কাছ থেকে তিনি এমন মানবিক আচরণই প্রত্যাশা করেন।
এ ছাড়া নিটোরের আধুনিকায়নে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রয়োজনে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আরও বরাদ্দের ব্যবস্থা করার ব্যাপারেও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর পরিচালক এবং বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আবুল কেনান। তিনি নিটোরের চিকিৎসাসেবাকে আরও আধুনিক, গতিশীল, প্রযুক্তিনির্ভর ও রোগীবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আবুল কেনান বলেন, আইসিইউ ও আধুনিক পোস্ট-অপারেটিভ ওয়ার্ড চালুর ফলে অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের নিবিড় পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ আরও সম্প্রসারিত হবে। অন্যদিকে, ই-টিকিট, কিউআর কোড ও অটোমেশন পদ্ধতি রোগীদের সেবা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করে তুলবে।
তিনি আরও বলেন, এসব আধুনিকায়নের মাধ্যমে নিটোরের চিকিৎসাসেবার মান উন্নত হবে এবং দেশের অসংখ্য অর্থোপেডিক ও ট্রমা রোগী উপকৃত হবেন। নিটোরের অগ্রযাত্রায় এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সবার সম্মিলিত প্রচেষ্টায় আরও আধুনিক, উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।
ফরহাদ হোসেন-নিজস্ব প্রতিবেদক 

























