পাবনার চাটমোহরে সরকারি বরাদ্দকৃত সার বিতরণের সময় অসন্তোষের জেরে আনুমানিক ৬০০ বস্তা সার লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নে প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান।
ঘটনার প্রত্যক্ষদর্শী চাটমোহর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, সোমবার সকাল থেকে চাটমোহরের ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার বিতরণ চলছিল প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে। ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ ১ হাজার ১৮১ বস্তা সার ছিল পয়েন্টে। বিতরণের লক্ষ্যে এরই মধ্যে ১৭১টি মেমো কাটা হয়েছে। এর মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ সেখানে থাকা কৃষকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে বিশৃঙ্খলা বাধে। একপর্যায়ে তারা ওই ডিলার পয়েন্টে থাকা প্রায় ৬০০ বস্তা সার নিয়ে যায়।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, ইউএনও খালিদ হাসান ও চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলিউর রহমান ঘটনাস্থলে পৌঁছেছেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কেন এমন ঘটনা, তা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। বিস্তারিত তথ্য পরে জানাতে পারব।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, আমি মাত্রই ঘটনাস্থলে এসেছি। ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে সার নিয়ে গেছে বিক্ষুব্ধরা। আমরা বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। চাহিদার অতিরিক্ত সার সরকার আমাদের বরাদ্দ দিয়েছে। বিতরণের সময় দীর্ঘ লাইন ছিল। এ সময় কিছু মানুষ বিশৃঙ্খলা করে সার নিয়ে গেছে। প্রশাসন ঘটনাস্থলে মাইকিং করে সার ফেরত দিতে কৃষকদের আহ্বান জানাচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 

























