চীনা গুপ্তচর সন্দেহে অভিযুক্ত অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার কথা স্বীকার করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। গতকাল কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে নিজের ব্যক্তিগত জীবনের এ ঘটনার জন্য পরিবার ও সহকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
‘আমাদের কোম্পানির উদ্দেশে একটি বার্তা’ শিরোনামের ওই ইমেইলটি সম্পূর্ণ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। সেখানে জেনসেন হুয়াং লিখেছেন, “আমি আমার পরিবার এবং আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার কর্মকাণ্ড তাকে এবং আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত হতে পারে না। আমি গভীরভাবে দুঃখিত।”
তিনি আরও লিখেছেন, “আমার পুরো জীবনে আমার পরিবার আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছে। তারা আমার সততা ও আনুগত্য পাওয়ার যোগ্য। অথচ, আমি তাদের হতাশ করেছি এবং আমরা একসঙ্গে যে জীবন গড়ে তুলেছিলাম, তার ক্ষতি করেছি। আমার কাজের জন্য এবং যে কষ্ট দিয়েছি, তার সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। এর ফলে যে সমালোচনা আসবে, তাও মেনে নিচ্ছি।”
পরিবারের উদ্দেশে তিনি বলেন, “আমি তোমাদের ভালোবাসি। আমি জানি, ক্ষমা চেয়েও আমার করা কাজগুলো মুছে ফেলা সম্ভব নয়। আমি আশা করি, আমাদের পরিবার আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং সময়ের সঙ্গে সঙ্গে আমি হয়তো তোমাদের বিশ্বাস পুনরায় অর্জন করতে পারব।”
এনভিডিয়ার সহকর্মী, পরিচালনা পর্ষদ, অংশীদার ও শেয়ারহোল্ডারদের উদ্দেশে জেনসেন বলেন, তাদের কাছ থেকে পাওয়া আস্থার মর্যাদা রাখতে তিনি ব্যর্থ হয়েছেন। তবে এনভিডিয়ার প্রতি নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি আস্থা পুনরুদ্ধারে কাজ করার কথা জানান।
জাতীয় নিরাপত্তার বিষয়ে সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি নিরপেক্ষ তদন্ত শুরু করেছে বলেও ইমেইলে উল্লেখ করেন তিনি। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে জেনসেন বলেন, তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
গত ২৯ অক্টোবর মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং চীনা নারী গুপ্তচর অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লির প্রেমে পড়েছিলেন। ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র ধরে এনভিডিয়ার উন্নত এআই চিপ ও বিভিন্ন গোয়েন্দা তথ্য বেইজিংয়ে পাচার করা হচ্ছিল বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, অ্যালিস পেশায় একজন ব্যবসায়ী। জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক চলাকালে তিনি সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিডের নির্বাহী ছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাকে চীনের হয়ে কাজ করা একজন গোয়েন্দা হিসেবে শনাক্ত করেছে বলে দাবি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, অ্যালিস হুয়াংয়ের ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি ছিল। তিনি চীনের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির চিপ সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছিল চীনের গোয়েন্দা সংস্থাটি। পাশাপাশি এনভিডিয়াকে তাদের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর চিপ চীনের জন্য সহজলভ্য করতে প্ররোচিত করার পরিকল্পনাও ছিল। তবে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কখন বা কীভাবে পরিচয় হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। এবারের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে রিপাবলিকানরাও জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথিত চীনা গুপ্তচরের সম্পর্ক নিয়ে তদন্ত করছেন।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের চীনবিষয়ক বিশেষ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা জেনসেন হুয়াংকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে তাকে যৌথভাবে আয়োজিত রুদ্ধদ্বার ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
কমিটির বিবৃতিতে বলা হয়েছে, মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ এবং বিদেশি প্রতিপক্ষের গুপ্তচরবৃত্তি ঠেকাতে এনভিডিয়ার নিরাপত্তাব্যবস্থা নিয়ে আইনপ্রণেতাদের উদ্বেগের কথা চিঠিতে তুলে ধরা হয়েছে।
এনভিডিয়ার নিরপেক্ষ তদন্ত শুরু
গতকাল রোববার এক বিবৃতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, ‘প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং একটি বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছেন—এমন সাম্প্রতিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে’ কোম্পানিটি একটি নিরপেক্ষ তদন্ত শুরু করেছে।
পর্ষদ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপনীয় তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করার কোনো কারণ তাদের কাছে নেই। তবে তদন্তে সব উপলব্ধ তথ্য খতিয়ে দেখা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, “পরিচালনা পর্ষদ যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, যা এনভিডিয়া এবং এর শেয়ারহোল্ডারদের স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বাইরের নিরপেক্ষ আইনি উপদেষ্টাদের সহায়তায় স্বতন্ত্র পরিচালকদের একটি কমিটি তদন্ত কার্যক্রম তদারকি করবে। একই সঙ্গে পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াং ও তার নেতৃত্বাধীন দলের প্রতি আস্থা প্রকাশ করেছে।
রোববার এ প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বিষয়টিকে একটি ‘অভ্যন্তরীণ করপোরেট বিষয়’ বলে অভিহিত করেন।
মেগাস্পিডের সঙ্গে লেনদেনকে ‘স্বাভাবিক’ দাবি এনভিডিয়ার
চীনা গুপ্তচর সন্দেহে অভিযুক্ত অ্যালিস হুয়াং মেগাস্পিড নামের একটি কোম্পানির শীর্ষ নির্বাহী ছিলেন। বাইডেন প্রশাসনের শেষ দিকে মার্কিন বাণিজ্য বিভাগ কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। কারণ, ধারণা করা হচ্ছিল, প্রতিষ্ঠানটি চীনকে মার্কিন বিধিনিষেধ এড়িয়ে এনভিডিয়ার এআই চিপ সংগ্রহের সুযোগ করে দিচ্ছে।
বিষয়টি প্রকাশ্যে আসার পর জেনসেন হুয়াং জানিয়েছিলেন, মেগাস্পিডের কর্মকর্তাদের সঙ্গে এনভিডিয়ার সম্পর্ক ছিল যথাযথ।
তিনি বলেন, “আমরা তাদের কাছে সরবরাহ করা আমাদের সব জিপিইউর ব্যবহার পর্যালোচনা করেছি এবং প্রতিটি ইউনিটের হিসাব রেখেছি। আমার মনে হয়, মার্কিন সরকারও বিষয়টি খতিয়ে দেখেছে।”
জেনসেন আরও জানান, ওই নারীর সঙ্গে তার যোগাযোগ চীনা গ্রাহক বা নির্বাহীদের সঙ্গে সাধারণ ব্যবসায়িক সম্পর্কের মতোই ছিল। তিনি বলেন, ওই নারী এখন আর মেগাস্পিডের সঙ্গে যুক্ত নন।
জেনসেনের ভাষ্য, “মেগাস্পিডের সঙ্গে আমাদের সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ ছিল সম্পূর্ণ স্বাভাবিক। এতে অস্বাভাবিক কিছু ছিল না।”
তিনি আরও জানান, অ্যালিস হুয়াংয়ের বিষয়ে মার্কিন সরকারের সন্দেহ সম্পর্কে তাকে কিছু জানানো হয়নি।
আন্তর্জাতিক ডেস্ক 
























