বরগুনায় পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিআরটিসির বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো শনিবার রাতে বাসটি বরগুনা পুলিশ লাইনের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়। মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইনের সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মধ্যরাতে পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
মাওলানা মো. আবদুল মোতালেব-স্টাফ রিপোর্টার 

























