রংপুরের পীরগঞ্জ মহিলা কলেজে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির আহ্বায়ক ও কলেজের সভাপতি মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি কলেজের সরকারি করণ প্রসঙ্গে বলেন, এ ক্ষেত্রে কোনো অর্থ ব্যয় হয়নি এবং ভবিষ্যতেও হবে না। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান শাহিনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪৭ জন শিক্ষার্থীর প্রত্যেককে এক হাজার টাকা করে এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে অতিরিক্ত দুই হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। এতে মোট ৫০ হাজার টাকা পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য অতিরিক্ত পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়।
এ সময় অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান কলেজের শিক্ষার্থীদের আবাসিক কক্ষের আনুষঙ্গিক সুবিধা বৃদ্ধিতে জেলা পরিষদ প্রশাসকের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।
তারিকুল ইসলাম তারিক-পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

























