নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল রোববার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী ও স্বাবলম্বী করতে সমবায়ের বিকল্প নেই। সমবায়ের সঠিক চর্চার মাধ্যমে বেকারত্ব দূর করা ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা সম্ভব।
নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটে সমবায়ীদের উপস্থিতির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ১০টা ৫ মিনিটে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০টা ৪৫ মিনিটে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করেন এবং ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে মূল আলোচনা পর্বের সূচনা হয়। সকাল ১১টায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আত্রাই উপজেলা সমবায় কর্মকর্তা এস এম নিজাম উদ্দিন আহমেদ। পরবর্তী সময়ে সকাল ১১টা ২০ মিনিটে স্থানীয় সমবায়ীদের বক্তব্য এবং দুপুর ১১টা ৫০ মিনিটে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকেরা।
আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 

























