রংপুরের তারাগঞ্জে উপজেলা পরিষদ চত্বরের দেয়ালে ‘জয় বাংলা’, ‘নেত্রী আসবে, শেখ হাসিনা আসবে’—এমন স্লোগান লেখার অভিযোগে জাসদ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত অন্যদের পরিচয় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে তাঁরা পলাতক রয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার নতুন চৌপথি বাসস্ট্যান্ড এলাকা থেকে সুধীর চন্দ্র রায় (২১) নামের ওই নেতাকে আটক করা হয়। তিনি তারাগঞ্জ উপজেলা জাসদ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার কুর্শা ইউনিয়নের শেখেরচক গ্রামের শ্যামা কান্ত রায় ওরফে সুকারুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর গভীর রাতে জাসদ ছাত্রলীগের ওই নেতা এবং আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিলে তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা’, ‘নেত্রী আসবে, শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান লেখেন বলে অভিযোগ ওঠে। পরে উপজেলা পরিষদ চত্বরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় জড়িত অন্যরা এখনো পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, সুধীর চন্দ্র রায়কে আটকের পর জাসদ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, শনিবার রাতে তাকে তারাগঞ্জ চৌপথি এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বদরগঞ্জ থানার পূর্বের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শফিউল মন্ডল-রংপুর প্রতিনিধি 

























