ভাষাসৈনিক ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন সংরক্ষণ এবং সরকারি উদ্যোগে সেটিকে জাদুঘর ও পাঠাগারে রূপান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কুমিল্লা মহানগর শাখা।
এ উপলক্ষে আজ দুপুর ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করা হবে। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এনসিপি কুমিল্লা মহানগর শাখার নেতারা জানান, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাসভবন সংরক্ষণ করা শুধু একটি স্থাপনা রক্ষা নয়, বরং দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় আত্মপরিচয় সংরক্ষণের গুরুত্বপূর্ণ অংশ। তাই বাসভবনটি সরকারি উদ্যোগে সংরক্ষণ করে জাদুঘর ও পাঠাগারে রূপান্তরের দাবি জানানো হচ্ছে।
এ বিষয়ে এনসিপি কুমিল্লা মহানগর শাখার সদস্যসচিব মাছুম বারী কাউছার কুমিল্লার সর্বস্তরের নাগরিক, সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের অবদান ও স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে তাঁর ঐতিহাসিক বাসভবন সংরক্ষণে কার্যকর সরকারি উদ্যোগ গ্রহণ করা জরুরি।
স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনে সর্বস্তরের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছে এনসিপি কুমিল্লা মহানগর শাখা।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 

























