ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল থেকে কসবা পৌর শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোহনা টেলিভিশনের কসবা উপজেলা প্রতিনিধিসহ অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশের ফাঁকা গুলির শব্দও শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত সাংবাদিকের নাম হারুনুর রশীদ ঢালী (৬০)। তিনি মোহনা টেলিভিশনের কসবা উপজেলা প্রতিনিধি। অন্য আহতরা হলেন—মঈনপুর গ্রামের আশরফ আলীর ছেলে ইব্রাহিম (৪৮), বিনাউটি গ্রামের বাছির মিয়ার ছেলে সালমান (৩২), বায়েক গ্রামের মনির হোসেনের ছেলে বাবু (৩০), আড়াইবাড়ি গ্রামের রাশেদ মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৩৪) এবং কুটি ঘড়িপুর গ্রামের জীবন মুন্সির ছেলে সাকিব (১৮)। আহতদের মধ্যে অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার বিকেলে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজনকে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় পৌর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে গত বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কসবা পৌর সুপার মার্কেটের আশপাশে উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত চারজন আহত হন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সিরাজুল হক ইমুকে সভাপতি করে কসবা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত একটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। বুধবার নবগঠিত কমিটির আনন্দ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে শনিবারের সংঘর্ষের পর কসবা পৌর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান করছেন।
মোরশেদ আলম, কসবা প্রতিনিধি 

























