কুষ্টিয়ার ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ভেড়ামারা উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (৭ নভেম্বর) ভেড়ামারা বাসস্ট্যান্ড সড়কের পাশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মহঃ অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর কুষ্টিয়ার (সংরক্ষিত নারী) সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) সামসুজ্জামান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌর বিএনপির সভাপতি আবু দাউদ প্রমুখ।

প্রধান অতিথি ফরিদা ইয়াসমিন বলেন, বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক ৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব অপরিসীম। ১৯৭৫ সালের এই দিনেই সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করা হয়।
কাজী মিজানুর রহমান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

























