জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়—সাবধানে চালালে গাড়ি, নিরাপদে ফিরবে বাড়ি। নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লায় রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ চালকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় কুমিল্লা সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘নিরাপদ চালক চাই’, কুমিল্লা, বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক, ডাক্তার আরিফ মোরশেদ খান ও প্রফেসর ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ চালক চাই-এর উপদেষ্টা ও নারী নেত্রী সাকিনা বেগম এবং কুমিল্লা বিআরটিসির ম্যানেজার আব্দুল কাদের জিলানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ চালক চাই-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আজাদ সরকার লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক কবি শিপন হোসেন মানব।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর গোলাম কিবরিয়া নয়ন, কবি সেলিম মিয়াজী, রসিক কবি আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট দিলীপ চন্দ্র, অ্যাডভোকেট আব্দুল কাদের, অধ্যক্ষ মনিরুল ইসলাম, সংগীতশিল্পী নুপুর কাউসারী টুম্পা, কবি দিল আফরোজ রুনা, রুজি আক্তার, সেলিনা আক্তার, সানজিদা, আলী আক্তার আলো, এরিকা, বেলায়েত হোসেন, কবি জীবন, সাংবাদিক রাজীব, অ্যাডভোকেট বেণুসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০ জনকে নির্বাচিত করে ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—ফারহানা তালুকদার বিনা, মোহাম্মদ আল আমিন আলভী, প্রিয়ন্তু পোদ্দার, ফাহিমা আক্তার মজুমদার, আমিনুল হক, উম্মে হাফসা, নুসরাত জাহান চৌধুরী নয়ন, সামিয়া জাহান, হাবিবুর রহমান ফাহিম ও মো. কামরুল হাসান জিহাদ।
এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ চালকদের উৎসাহিত করতে সম্মাননা ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। সম্মাননাপ্রাপ্ত চালকরা হলেন—মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ শামছুল ইসলাম, মো. আঃ রফিক, মো. শহিদুল ইসলাম, আজাদ ও জিন্নাত হোসেন তুহিন।
অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের প্রশিক্ষণ, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি না চালানো, গাড়ি চালানোর সময় সতর্ক থাকা এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনাকে ধ্বংস করে না, বরং জাতীয় অর্থনীতি ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারী, পরিবহন মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
আয়োজক সংগঠন ‘নিরাপদ চালক চাই’-এর পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষিত ও দক্ষ চালক তৈরি, চালকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সবার সম্মিলিত সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 

























