ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পতাকাস্তম্ভের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। ১০টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল সাড়ে ১০টায় টিএসসি কনফারেন্স কক্ষে এক আলোচনা সভায় রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মোস্তফা আনোয়ার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, শিক্ষার্থীদের মধ্যে সেহেলরানা জনি, মো. রাকিবুল ইসলাম, আবদুল্লাহ আল নাহিদ এবং কর্মচারীদের মধ্যে মো. মাহবুবুর রহমান, মোশাররফ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “৭ নভেম্বর হলো আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭৫ সালের এই দিনে এ দেশের দেশপ্রেমিক সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এক অভূতপূর্ব বিপ্লবের সূচনা করেছিলেন। তৎকালীন সময়ে ষড়যন্ত্র ও বিদেশি শক্তির মদদে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র যখন এক চরম সংকটের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখনই আমাদের বীর সেনানী ও মুক্তিকামী জনতা বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। এ দিনটি আমাদের শিখিয়েছে কীভাবে যেকোনো জাতীয় সংকটে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হয়। সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের পুনর্জাগরণে ৭ নভেম্বরের চেতনা আমাদের অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, বিপ্লব যেমন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা শেখায়, সংহতি তেমনি আমাদের একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে বাধ্য করে।
অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবদুল কুদ্দুস।
নিজস্ব প্রতিবেদক 

























