কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে কুমিল্লা নগরীর ২ নম্বর কান্দিরপাড় এলাকার টমছম ব্রিজ থেকে কোটবাড়িগামী সড়কের পাশে ইবনে সিনা ডি-ল্যাবের মালিকানাধীন একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাতে ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর নজরে এলে তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তারের জন্য কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশনার পর কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত জাহিদ হাসান (১৯) ও জীবন (২২)সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আব্দুর রহমান সাঈফ-কুমিল্লা প্রতিনিধি 






















