নীলফামারীর ডোমার থানায় জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে মারধর, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে একটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে। ভুক্তভোগী মো. আলী হোসেন (৩২) বাদী হয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এ অভিযোগ দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, ডোমার উপজেলার উত্তর মটকপুর (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মো. আলী হোসেনের সঙ্গে একই এলাকার মো. তাইজুল ইসলাম, মো. ইউনুস আলী, মো. রকি, মো. তরিকুল ইসলাম, মো. মনি আকতার, মোতালেব হোসেনসহ অন্যান্য বিবাদীর দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর দুপুর আনুমানিক আড়াইটার দিকে পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে লাঠি, সোটা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা বাদীর বসতঘরের দরজা ভাঙচুর করেন এবং তাঁর স্ত্রী মোছা. লিপি বেগমকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। এ ছাড়া বাদীর স্ত্রীর গলা থেকে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন থাকায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন বাদী। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
আল মিজান ইসলাম-নীলফামারী জেলা প্রতিনিধি 




















