বাংলাদেশ কোস্ট গার্ডের পটুয়াখালীর বেইস অগ্রযাত্রায় সাতটি দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ কোর্সে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া ও অস্ট্রেলিয়ার আটজন বিদেশি প্রশিক্ষণার্থী অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর দুজন ও কোস্ট গার্ডের দুজনসহ মোট ১২ জন প্রশিক্ষণার্থী কোর্সটি সম্পন্ন করেন।
সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এ সময় কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ড জানায়, এ প্রশিক্ষণের মাধ্যমে নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনার দক্ষতা এবং মানব পাচার প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বন্ধুরাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।
মো. মামুন হোসাইন-স্টাফ রিপোর্টার 



















