শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪টি ব্যাংকের চলতি বছরের প্রথম নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব ব্যাংকের মধ্যে ৯টির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। বিপরীতে কমেছে ৪টির ইপিএস, আর রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকগুলোর মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি আয় সবচেয়ে বেশি বেড়েছে। এক বছরের ব্যবধানে ব্যাংকটির ইপিএস বেড়েছে ১৪৪ শতাংশ। অন্যদিকে রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান বেড়েছে প্রায় ৫৩০ শতাংশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ব্যাংকগুলোর আর্থিক তথ্য প্রকাশ করা হয়। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের আর্থিক ফলাফল আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনা করে এ চিত্র পাওয়া গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ডাচ্-বাংলা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৬ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ২ টাকা ৫২ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩ টাকা ৬৩ পয়সা বা ১৪৪ শতাংশ।
পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়ে হয়েছে ১০ টাকা ১৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৮৩ পয়সা। এতে আয় বেড়েছে ৭৪ শতাংশ। ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি আয় ৫ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৭০ পয়সা হয়েছে, যা ৪৬ শতাংশ বেশি। ইস্টার্ন ব্যাংকের আয় ৩ টাকা ৫৬ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ১০ পয়সা হয়েছে, অর্থাৎ বেড়েছে ৪৩ শতাংশ।
এ ছাড়া ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি আয় ৩৭ শতাংশ, যমুনা ব্যাংকের ২০ শতাংশ, প্রাইম ব্যাংকের ৯ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ৮১ শতাংশ বেড়েছে। এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় ১০ পয়সা থেকে বেড়ে ৫৮ পয়সা হয়েছে। ফলে শতাংশের হিসাবে ব্যাংকটির আয় বেড়েছে ৪৮০ শতাংশ। তবে আগের বছরের আয় কম থাকায় বৃদ্ধির হার তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।
অন্যদিকে ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ট্রাস্ট ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) শেয়ারপ্রতি আয় কমেছে। ওয়ান ব্যাংকের আয় ১ টাকা ৭ পয়সা থেকে কমে ৮৮ পয়সা হয়েছে, যা ১৮ শতাংশ কম। ইউসিবির আয় ৩২ পয়সা থেকে কমে ২৬ পয়সা হয়েছে, কমেছে ১৯ শতাংশ। ট্রাস্ট ব্যাংকের আয় ২ টাকা ৫৫ পয়সা থেকে কমে ২ টাকা ১৭ পয়সা হয়েছে। আর এমটিবির আয় ১ টাকা ৯২ পয়সা থেকে কমে ১ টাকা ৭৬ পয়সা হয়েছে।
সবচেয়ে বড় নেতিবাচক চিত্র দেখা গেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ক্ষেত্রে। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৬৮ পয়সা। ফলে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা বা প্রায় ৫৩০ শতাংশ।
এদিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যেও পার্থক্য রয়েছে। পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৫৭ টাকা ৫৬ পয়সা, ডাচ্-বাংলা ব্যাংকের ৬২ টাকা ৯৫ পয়সা এবং ব্র্যাক ব্যাংকের ৫৬ টাকা ৪০ পয়সা। অন্যদিকে রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৮ টাকা ৪৯ পয়সা।
নিজস্ব প্রতিবেদক 

























