আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠেয় সাত দিনব্যাপী জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত স্থানে মেলাটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই স্থানে সব মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এ কারণে জাতীয় পর্যায়ের যুব মেলাটিও আপাতত স্থগিত করা হয়েছে। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মেলা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন থেকে শুরু করে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্ধারিত আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হবে।
মেলা স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে। তবে চিঠিতে এর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
নিজস্ব প্রতিবেদক 






















