সিনেমার তারকাদের প্রভাব ও সাফল্য এখন আর শুধু বক্স অফিসে সীমাবদ্ধ নেই। সিনেমার বাইরেও প্রচারণা ও ব্যবসায়িক ক্ষেত্রে বড় জায়গা করে নিচ্ছেন অনেকে। তেমনই একজন তারকা সামান্থা রুথ প্রভু।
দক্ষিণ ভারতীয় সিনেমার এই অভিনেত্রী একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত। এর মধ্যে একটি হলো ‘সিক্রেট অ্যালকেমিস্ট’, যা একটি পারফিউম ব্র্যান্ড। অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে যৌথভাবে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেছেন তিনি। প্রতিষ্ঠানটির আয়ও দ্রুত বাড়ছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত আট মাসে ব্র্যান্ডটির আয় বেড়েছে আট গুণ। এর ফলে প্রতিষ্ঠানটির আয় ১২০ কোটি রুপি ছাড়িয়েছে।
এদিকে কিছুদিন আগে মুক্তি পেয়েছে সামান্থার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। সিনেমাটিও বক্স অফিসে সাফল্য পেয়েছে। এর আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই উদ্যোগের সাফল্য নিয়ে সামান্থা বলেন, “সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্যোগকে এমন গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে দেখে ভীষণ ভালো লাগছে। ‘মা ইন্তি বাঙ্গারাম’ এমন একটি সিনেমা, যা আমার হৃদয়ের খুব কাছের। অন্যদিকে, ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ হলো শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার যাত্রা, যেখানে এমন একটি দলের সঙ্গে কাজ করেছি, যারা এই উদ্যোগের লক্ষ্য ও ভাবনার প্রতি গভীরভাবে বিশ্বাসী। মানুষের এই ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এই সাফল্যগুলোই আমাকে নতুন সীমা অতিক্রম করতে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করে।”
পারফিউম ব্র্যান্ড ছাড়াও সামান্থার আরও কয়েকটি ব্যবসায়িক উদ্যোগ রয়েছে। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাকি’। এটি ভারতীয় নারীদের জন্য একটি সমসাময়িক ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড।
এ ছাড়া হর্ষিতা মোতাপার্থী ও প্রবিষ্টা নাদেল্লার সঙ্গে প্রতিষ্ঠিত ভারতীয় অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেক্টিভ’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন সামান্থা। পাশাপাশি পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’র সহপ্রতিষ্ঠাতাও তিনি।
বিনোদন ডেস্ক 























