কিংবদন্তি নির্মাতা ক্রিস্টোফার নোলানের অন্যতম আলোচিত সিনেমা ‘দ্য প্রেস্টিজ’। ২০০৬ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল সিনেমাটি। বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছিল এটি। তবে সে সময় সিনেমাটি সাধারণ পর্দায় প্রদর্শিত হয়েছিল।
মুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে আবারও বড় পর্দায় ফিরছে ‘দ্য প্রেস্টিজ’। এবার আরও বড় চমক—সিনেমাটি দেখা যাবে ৭০ মিলিমিটার আইম্যাক্স পর্দায়। ২০২৭ সালের ২৯ জানুয়ারি সিনেমাটি পুনরায় মুক্তি দেবে ডিজনি।
এ সুখবর জানিয়ে এক বিবৃতিতে ক্রিস্টোফার নোলান বলেন, “আমি খুবই উচ্ছ্বসিত যে, ‘দ্য প্রেস্টিজ’ আবারও বড় পর্দায় ফিরে আসছে। বিশেষ করে ৭০ মিলিমিটার ও আইম্যাক্সে প্রথমবারের মতো সিনেমাটি দেখতে পাবে দর্শক। এটা রোমাঞ্চকর ব্যাপার হতে যাচ্ছে।”
‘দ্য প্রেস্টিজ’-এর গল্প আবর্তিত হয়েছে দুই মঞ্চজাদুকরের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে। চরিত্র দুটিতে অভিনয় করেছেন ক্রিশ্চিয়ান বেল ও হিউ জ্যাকম্যান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মাইকেল কেইন, স্কারলেট জোহানসন, রেবেকা হল, অ্যান্ডি সার্কিস ও ডেভিড বোয়ি।
৪০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ‘দ্য প্রেস্টিজ’ সে সময় বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছিল ১০৯ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি দুটি বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল সিনেমাটি।
পরিচালনার পাশাপাশি নিজের ভাই জোনাথন নোলানের সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস্টোফার নোলান। স্ত্রী এমা থমাস ও অ্যারন রাইডারের সঙ্গে সিনেমাটি প্রযোজনাও করেছেন তিনি।
‘দ্য প্রেস্টিজ’-এর পর একের পর এক আলোচিত সিনেমা নির্মাণ করে বিশ্ব চলচ্চিত্রে নিজের অবস্থান সুদৃঢ় করেন নোলান। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ ও ‘ওপেনহাইমার’।
বিনোদন ডেস্ক 























