ইয়েমেনি সরকারি বাহিনীর এসব সেনাকে গতকাল মুক্তি দেয় হুথি বিদ্রোহীরা।
কোনো লড়াই না করে আত্মসমর্পণ করা ইয়েমেনি সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক রেডক্রস কমিটি এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, এই সেনাদের মুক্ত করতে সহায়তা করেছে তারা।
হুথিরা জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত সেনারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারি বাহিনীর সদস্য। গত মাসে লোহিত সাগরের তীরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল হুথিরা দখল করার সময় তাঁরা ‘কোনো লড়াই ছাড়াই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন’।
হুথি কর্মকর্তা আব্দুলকাদের আল-মুরদাতা গতকাল শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের বলেন, সাধারণ ক্ষমার আওতায় এসব সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৩২৩ জন যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রেডক্রস জানিয়েছে, হুথিদের কাছ থেকে ইয়েমেনের এসব সেনাকে মুক্ত করতে সহায়তা করার পর তাঁদের নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
সীমান্তে সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের
সৌদি আরব-ইয়েমেন সীমান্তবর্তী অঞ্চলে সৌদির একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তারা বলেছে, সৌদির নাজরান অঞ্চলের আকাশে অ্যাপাচি সামরিক হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। ওই সময় হেলিকপ্টারটি হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছিল।
গতকাল শনিবার রাতে হুথি পরিচালিত বার্তা সংস্থা সাবায় হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারের একটি বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে ইয়াহিয়া বলেন, “সীমান্তের পাশে আমাদের অবস্থান লক্ষ্য করে শত্রুতাপূর্ণ অভিযান চালাচ্ছিল অ্যাপাচি হেলিকপ্টারটি। ওই সময় আমাদের যোদ্ধারা এটি ভূপাতিত করেন।”
ইয়াহিয়া সারের এই দাবি নিয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি।
আন্তর্জাতিক ডেস্ক 
























