কানাডার আলবার্টা প্রদেশের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন লেগেছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার রাতে (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
আলবার্টার এই সেনাঘাঁটি দেশটির অন্যতম ব্যস্ত সামরিক ঘাঁটি।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেখানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।”
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কতজন নিহত ও আহত হয়েছেন, তা স্পষ্ট করেননি ডেভিড ম্যাকগুইন্টি। তিনি শুধু বলেছেন, আগুন এখনো সক্রিয় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ।
আলবার্টার ওয়াইনরাইট শহরে অবস্থিত এই সেনাঘাঁটি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
আলবার্টার প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওয়াইনরাইট শহর অবস্থিত। সেখানকার সেনাঘাঁটিতে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার ও থার্ড কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার রয়েছে। এ ছাড়া এটি এডমন্টনের আর্মি ফিল্ড ফোর্স ইউনিটের প্রশিক্ষণক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হয়।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, একটি গুরুতর ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রতিরক্ষামন্ত্রীর মতো তিনিও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানাননি।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল ৪টার দিকে সেনাঘাঁটি থেকে তাদের কাছে সহায়তা চাওয়া হয়।
আগুন লাগলেও ওই শহরের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এলাকাটি এড়িয়ে চলতে, সড়ক খোলা রাখতে এবং খুব বেশি প্রয়োজন না হলে ওয়াইনরাইটের স্বাস্থ্যকেন্দ্রে না যেতে অনুরোধ করেছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























