ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইয়েমেনি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এডেনে প্রেসিডেন্টের প্রাসাদটি অবস্থিত। সানা দেশটির রাজধানী হলেও ইয়েমেন সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে থাকে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের যুব মন্ত্রণালয়ের মন্ত্রী নায়েফ সালেহ আল-বাকরি সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে বলেছেন, প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত ও ছয়জন আহত হয়েছেন। তবে সরকারের মন্ত্রিসভার সব সদস্য অক্ষত রয়েছেন।
তিনি জানান, হুথিরা হামলা চালালেও তাঁরা এডেন ছেড়ে যাবেন না।
ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদটি আল-মাশিক নামে পরিচিত। সংবাদমাধ্যম আলজাজিরার এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, তাঁরাও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। পরে তাঁরা জানতে পারেন, ক্ষেপণাস্ত্র দিয়ে প্রেসিডেন্টের প্রাসাদকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে সরকারি একটি সূত্র জানিয়েছে, হুথিরা এ হামলায় একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























