ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তাইজ দখলের দ্বারপ্রান্তে রয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক ইউসুফি মাওরে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানী সানা থেকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত কয়েক সপ্তাহে হুথিরা মোখা, তাইজের পশ্চিমাঞ্চল, বাব আল-মান্দেব প্রণালির উপকূলীয় কিছু এলাকা এবং ধুবাব জেলা দখল করেছে। এখন তারা তাইজ শহর দখলের কাছাকাছি পৌঁছেছে।
ওই সাংবাদিক আরও জানান, ইয়েমেনের সরকারি বাহিনী এসব অঞ্চল পুনর্দখলে পাল্টা হামলা শুরু করেছে। তবে তা সত্ত্বেও হুথি যোদ্ধারা তাইজ শহরের দিকে অগ্রসর হচ্ছে।
হুথিদের কৌশলগত লক্ষ্য হলো তাইজ শহর ঘিরে ফেলা এবং জাবাল সাবির পাহাড়ের আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেওয়া। বর্তমানে সেখানে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই চলছে।
হুথিরা যাতে পাহাড়ি অঞ্চলটি দখল করতে না পারে, সে জন্য সৌদি আরব সেখানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। তবে হুথি যোদ্ধারা অঞ্চলটি দখলে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাইজ শহরের দক্ষিণাঞ্চলে বর্তমানে হুথি ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। সাংবাদিক ইউসুফির মতে, ইয়েমেনের সরকারি বাহিনীর জন্য সবচেয়ে বড় বিপর্যয় হতে পারে শহরটির মূল অংশের নিয়ন্ত্রণ হারানো।
তাইজ নিয়ে যখন তীব্র লড়াই চলছে, তখন ইয়েমেনের রাজধানী সানার একটি তেল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর জবাবে পাল্টা হামলার হুমকি দিয়েছে হুথিরা।
আন্তর্জাতিক ডেস্ক 























