হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (১৩ অক্টোবর) সানার একটি তেল স্থাপনা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। এর প্রায় এক ঘণ্টা পর সেখানে হামলা চালানো হয়।
সংবাদমাধ্যম আলজাজিরার এক সাংবাদিক সানায় বিস্ফোরণের শব্দ শোনার তথ্য নিশ্চিত করেছেন।
ইয়েমেনের একটি সূত্র জানিয়েছে, সানার পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সৌদি আরব হামলার হুমকি দেওয়ার পর হুথিরাও পাল্টা হামলার হুমকি দেয়। এখন সৌদি বিমানবাহিনী সানায় হামলা চালিয়েছে। হুথিরা তাদের ঘোষণামতো পাল্টা হামলা চালায় কি না, তা এখন দেখার বিষয়।
হুথিরা হুমকি দিয়ে বলেছিল, সৌদি আরব পূর্বঘোষণা অনুযায়ী সানায় বিমান হামলা চালালে সৌদির দাম্মামে অবস্থিত আরামকোর সদর দপ্তর, রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এবং রিয়াদে আরামকোর তেল শোধনাগারে হামলা চালানো হবে। একই সঙ্গে এসব স্থাপনার আশপাশে থাকা সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানায় তারা।
গত কয়েক দিন ধরেই হুথি ও সৌদি আরবের মধ্যে সরাসরি সংঘাত চলছে। এর মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই হুথিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে সৌদি আরব।
সেই হুমকির পর এবার সানার তেল স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাল সৌদি নেতৃত্বাধীন জোট। এতে হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা আরও বাড়ল।
আন্তর্জাতিক ডেস্ক 
























