ফরিদপুরের বোয়ালমারীতে ইব্রাহীম (৩৫) হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি মো. মাসুদুর রহমান মাসুদ (৪০)-কে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
এসআরবি-১০ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর ২০২৫ রাত সাড়ে ৩টার দিকে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে ইব্রাহীম ও তাঁর চাচাতো ভাই পিকআপচালক মো. হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় একটি হোটেলে খাবার খাচ্ছিলেন। খাবার শেষে বের হওয়ার সময় দুটি প্রাইভেটকারে আসা ৭-৮ জন ব্যক্তি নিজেদের ডিবি পরিচয় দিয়ে তাঁদের জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরে তাঁদের হাত, মুখ ও চোখ বেঁধে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে হোসেনকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে ইব্রাহীমকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
পরে ইব্রাহীমকে হত্যা করে তাঁর মরদেহ ফরিদপুরের বোয়ালমারী থানাধীন বনচাকী-রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় ফেলে রেখে যায় বলে মামলার তদন্তে উঠে আসে। এ ঘটনায় ইব্রাহীমের ভাই মো. ফরহাদ বাদী হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে ঝিনাইদহ সদর থানার পোড়াহাটি এলাকা থেকে মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর প্রতিনিধি 






















