নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মো. শাকিল (২০) ও মোছা. বেবী খাতুন (৩৩)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আরও একজন সহযোগী পালিয়ে যায়।
পরে ওই বাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাবলেটের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, চক্রটি ভারত থেকে মাদক এনে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁ 





















